নিজস্ব প্রতিবেদক :: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় নতুন করে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোকন (৩৫) ও মো. রাজিব মাতুব্বর (৩৬)।
ডিবির দাবি, এই দুজনই রনজিলার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ঘটনার সময় রাজিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং পেছনে বসে খোকন রনজিলার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন। আজ বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে খোকন ও রাজিবকে শনাক্ত করা হয়েছে। তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।