নোয়াখালী প্রতিনিধি:: বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বরকত উল্লাহ বুলু বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার শিক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সম্পদ হিসেবে গড়ে উঠুক। ঘাটলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থী এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।