September 16, 2026, 2:36 am

টঙ্গী প্রেসক্লাব ভবনে ট্রাক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কর্মচারী

Reporter Name
  • আপডেট Tuesday, September 15, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় টঙ্গীতে পরপর সাতটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সংঘর্ষের একপর্যায়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে টঙ্গী প্রেসক্লাব ভবনে আছড়ে পড়লে জানালার থাই গ্লাস ও এসির ফ্যান ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ সময় প্রেসক্লাবের ভেতরে ঘুমিয়ে থাকা কর্মচারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনায় পার্কিং করে রাখা একটি ট্রাকের চালক আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকালেও প্রেসক্লাবের সামনে চারটি ক্ষতিগ্রস্ত ট্রাক পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত অন্য ট্রাকগুলো পুলিশ রাতেই রেকার দিয়ে পাশের চেরাগ আলী ট্রাক টার্মিনালে সরিয়ে নেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরমুখী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১১-৪২০৩) প্রথমে প্রেসক্লাবের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকটি সামনে থাকা আরো ছয়টি ট্রাককে একে একে ধাক্কা দিলে সাতটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ট্রাকের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
চেরাগ আলী কাঠ মার্কেটের নৈশপ্রহরী নূরা মিয়া বলেন, গভীর রাতে বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, একটি ট্রাক ফুটপাতের ওপর উঠে প্রেসক্লাব ভবনে আছড়ে পড়েছে। ধাক্কায় ভবনের জানালার থাই গ্লাস ভেঙে টুকরো হয়ে ভেতরে-বাইরে ছড়িয়ে পড়ে। ভবনের বাইরের দেয়ালে থাকা এসির ফ্যানও ভেঙে যায়।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বলেন, দুর্ঘটনার সময় ক্লাবের ভেতরে কর্মচারী ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি ভবনে আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় প্রেসক্লাবের জানালা ও এসির ফ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক হাজী মো. সামসুল হক রানা বলেন, তারা অভিযুক্ত ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিষয়টি দেখছেন। জেলা ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রেসক্লাবের পাশের ট্রাক টার্মিনারে।
এ ঘটনায় টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর