স্টাফ রিপোর্টার:: রাজধানীর তুরাগ থানাধীন হরিরামপুর ইউনিয়ন পরিষদ এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নসিমন জানান, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কামাল পাশাসহ ১০/১৫ জনের একদল হামলাকারী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মকবুল, আসাদ, আফাজ উদ্দিন, শহীদ, জামাল, এমদাদুল, শাহাদাত, আজীবর বাড়ির তালা ভেঙ্গে ভিতরে ঢুকে হামলা, ভাংচুর করে। এ সময় তার মেয়ে, মেয়ের জামাই ও নাতিনদের মারধর করে। এ ঘটনায় তুরাগ থানায় অভিযোগ দিতে গেলে অভিযুক্তরা থানায় এসে আমাদেরকে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদান করে।
এছাড়াও অভিযুক্ত কামাল পাশা তার দলবল নিয়ে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতন করে আসছিল। কামাল পাশা নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এইসব অপরাধকর্মকান্ড চালিয়ে আসছে। কামাল পাশা ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর আলমের অনুসারী হিসেবে নিজেকে পরিচয় দেয়।
অপর ভুক্তভোগী সাহিদা বেগম জানান, ২০১০ সালে তার বাবা সুমন আলী ৭৮৭৭ নং দাগে তিন কাঠা জমি হেবা দলিলের মাধ্যমে তার মায়ের নামে লিখে দেন। তার মা নসিমন ও তামান্না আক্তারের নামে হেবা দান করে দেন ২০১৩ সালে। সুমন আলী জীবিত থাকা অবস্থায় উক্ত জমি ২৪/৬/২০১০ সালে লিখে দেন। ২০১২ সালের ২১শে নভেম্বর সুমন আলী মারা যান। কিন্তু কোট থেকে মামলার রায় পাওয়ার পরও বিএনপির ক্ষমতার অপব্যবহার করে কামাল পাশা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন সময় হামলা, মামলা ও প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছেন।
এছাড়াও কামাল পাশা জমি মান্নানের স্ত্রী কোহিনুরের কাছ থেকে ক্রয় করেছেন বলে জানান তামান্না আক্তার। কিন্তু উক্ত দলিল যাচাই-বাছাই করে দেখা যায় সেটি জাল দলিল।
এ বিষয়ে অভিযুক্ত কামাল পাশার মুঠো ফোনে যোগাযোগ করলে তার মোবাইল ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
অপরদিকে পারভিনা আক্তার জানান, সিএমএম আদালতে এই মামলা চলমান। মামলা পরিচালনা করছেন উকিল আনিস।
এ বিষয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম মো: জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে অপরাধ করে তাহলে তাকে স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আমার পরিচয়ে যদি কেউ কোন অপরাধ করে তাহলে আমি কাউকে ছাড় দিবো না। কামাল পাশার বিরুদ্ধে অভিযোগ থাকলে স্থানীয় পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। কোন অন্যায় অপরাধ করলে তার দায়ভার বিএনপি নিবেন না।