স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ওসমান আলী (৬৭), যুবলীগ নেতা মনির হোসেন (৪৫) ও ৫১ ওয়ার্ড যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৬)। শনিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) বিশেষ অভিযানে মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ওসমান আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও এলাকা ভিত্তিক নেতাকর্মীদের সংঘটিত করে মিছিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।