October 3, 2026, 12:16 pm

টঙ্গীতে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ

Reporter Name
  • আপডেট Saturday, September 12, 2026
  • 50 জন দেখেছে

স্টাফ রিপোর্টার টঙ্গীঃ টঙ্গীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নিউ মন্নু ফাইন কটন মিলস লিমিটেড, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেড ও মেঘনা টেক্সটাইল মিলস লিমিটেড পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে শনিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন নবী হাউজে মিল তিনটির ব্যবস্থাপনা ও পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং এই তিন মিলের প্রধান উপদেষ্টা এম. মঞ্জুরুল করিম রনির সভাপতিত্বে সভায় মিলগুলোর বর্তমান অবস্থা, ক্রমবর্ধমান ঋণের বোঝা, পুরোনো যন্ত্রপাতি এবং উৎপাদনে ফেরার সম্ভাবনার দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) আওতাধীন এই তিনটি মিল ২০০১ সালে যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) শেয়ারহোল্ডারদের কাছে মালিকানা হস্তান্তরের পর থেকেই বন্ধ রয়েছে। হস্তান্তরের সময় ঋণের পরিমাণ কম থাকলেও দীর্ঘদিন বন্ধ থাকায় সুদ জমে বর্তমানে প্রতিটি মিলের ঋণের পরিমাণ ৪৪ কোটি টাকা ছাড়িয়েছে।

নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান বলেন, দিন দিন ঋণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পুরোনো যন্ত্রপাতি নিয়ে মিলগুলো চালু রাখা অসম্ভব হয়ে পড়েছে। তবে ব্যাংকগুলো ঋণের সুদ মওকুফ করলে যৌথ উদ্যোগের মাধ্যমে মিলগুলো নতুনভাবে চালু করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও প্রধান উপদেষ্টা এম. মঞ্জুরুল করিম রনি পরিচালনা পরিষদের সদস্যদের মিলগুলোর সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে দ্রুত একটি প্রতিবেদন দেওয়ার আহ্বান জানান। তিনি বন্ধ থাকা এই কারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে এলাকার কর্মসংস্থান সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনিকে এই তিনটি টেক্সটাইল মিলের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলগুলোর ২ নম্বর উপদেষ্টা আলহাজ সালাউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর ভিপি আসাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিল কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর