নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসন ও গাজীপুর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের শ্মশান মন্দির, শ্মশান মোড়, রাজ শ্মশানের পাড় এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে গাজীপুরে আয়োজিত অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অভিযানে অংশ নেন।
অংশগ্রহণকারীরা স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মিলে রাজ শ্মশানের পাড় ও চিলাই বিলের পাড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং এডিস মশার প্রজননস্থল ধংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহম্মদ হোসেন ভূঁইয়াসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জানান, আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণভাবে জেলার আনাচে-কানাচে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এ কাজে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হবে।