নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজিত সংগীত সন্ধ্যা ও নৈশভোজে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আইপিইউ মানবাধিকার সংরক্ষণ এবং বিশ্বের বিভিন্ন দেশের সংসদগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সুরক্ষার ক্ষেত্রেও সংস্থাটির ভূমিকা রয়েছে।
বাংলাদেশ প্রাকৃতিকভাবে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা একটি দেশ উল্লেখ করে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার মতো বিষয়গুলোতে আইপিইউ আরো কার্যকর ভূমিকা রাখতে পারে।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থপাচারের মতো বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড বিস্তার লাভ করে। সর্বশেষ অনুষ্ঠিত নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। তবে, সরকারের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে। সংসদীয় নেতৃত্ব তৈরির মাধ্যমে আইপিইউ এসব বৈশ্বিক সংকট মোকাবিলায় গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের ভাগ্যোন্নয়ন ও মানবিক মর্যাদা সুরক্ষার প্রত্যাশা থেকে ভোটাধিকার প্রয়োগ করেছে। সংসদ গণতন্ত্রের ভিত্তি। মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় সংসদকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে নেত্রকোণার বিরিশিরি একাডেমির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশনা উপভোগ করেন স্পিকারসহ উপস্থিত অতিথিরা। পরে আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ও তার প্রতিনিধিদল নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।