স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবকের নাম নুরুল ইসলাম (৪০)। নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় একটি অটোরিকশার চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৪ নম্বর ওয়ার্ডের আলেরটেক সোসাইটি মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি নুরুল ইসলামকে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্বশত্রুতার জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।