নিজস্ব প্রতিবেদক:: ঢাকা জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাভারের একটি মাংসের দোকানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পচা-বাসি কাঁচা মাংস বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ জরিমানা আদায় করা হয়। সোমবার (২৪ আগস্ট) ঢাকার সাভারের গেন্ডা বাজারে অবস্থিত ‘জাহাঙ্গীর গোশত বিতানে’ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক বি. এম রুহুল আমিন রিমন।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, উক্ত দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে পচা ও বাসি কাঁচা মাংস সংরক্ষণ করা হয়েছে। ঝুলিয়ে রাখা মাংসের বিষয়ে কোনো প্রকার ক্রয় ভাউচার বা বৈধ রসিদ দেখাতে পারেননি দোকানি। এ ছাড়া ব্যবসার জন্য আবশ্যকীয় ট্রেড লাইসেন্স প্রদর্শনেও তিনি ব্যর্থ হন।
পরবর্তীতে এসব অপরাধ স্বীকার করার ভিত্তিতে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ অনুযায়ী জাহাঙ্গীর গোশত বিতানকে ১,০০,০০০ (এক লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি টিম উপস্থিত ছিল।