নিজস্ব প্রতিবেদক :: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে বলে জানিয়েছেন সরকারের রাজনৈতিক প্রতিনিধি ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তবে কোনো ধরনের স্বার্থ জড়িত থাকলে সে বিষয়ে বাংলাদেশ এগোবে না, কারণ বাংলাদেশ নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে। আজ বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী স্পষ্ট করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যেকোনো সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে নির্ধারিত হবে এবং এর বাইরে গিয়ে কোনো কিছু করা হলে তাতে দলটি বা সরকার সায় দেবে না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের গৃহীত নানা কল্যাণমুখী পদক্ষেপ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন। এছাড়া যেকোনো ষড়যোত্র ও প্রতিবন্ধকতা দলের নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবেন বলেও তিনি জানান। উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।