স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কাশিমপুরে সনদ ছাড়াই ফোর্টিফায়েড সয়াবিন ও সরিষার তেল বিক্রি ও বিতরণের অপরাধে গাজীপুরের কাশিমপুরে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি প্রতিষ্ঠানে ওজনে কম তেল দেওয়া ওই প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে অভিযানে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক (সনদ) মো. সাইদুর রহমান জানান, পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফোর্টিফায়েড সয়াবিন ও সরিষার তেল বিক্রি ও বিতরণের জন্য প্রয়োজনীয় সনদ গ্রহণ করেনি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে অভিযান চালিয়ে সয়াবিন তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরকে সনদ ছাড়াই ফোর্টিফায়েড সয়াবিন তেল বিক্রি ও বিতরণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকেও একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের গাজীপুর কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার মো. রিয়াজ হোসেন মোল্লা, মোহাম্মদ পারভেজ মিয়া, প্রকৌশলী ফাহাদ আহমেদ ও প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় গাজীপুর মহানগর পুলিশ ও র্যাব-১-এর একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং অনুমোদনহীন বা মানহীন পণ্যের বিক্রি ও বাজারজাত বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।