স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বউবাজার এলাকায় বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীর বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ প্রায় ১৫ জুয়ারিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রী দীপক (৫০), মোঃ শহিদ (৫৫) মোঃ ইমাম হোসেন(৪৩), মোঃ আব্দুস সালাম (৪২), মোঃ আঃ রশিদ (৬৫), মোঃ মোস্তফা (৩৫), মোঃ আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মোঃ ইলিয়াস (৫০), মোঃ মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মোঃ কবির হোসেন কাকন (৪৩), মোঃ জামাল হোসেন (৪৬) ও মোঃ কামাল শেখ (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত টঙ্গী বউবাজার সরকারবাড়ি রোডে ৪৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারীর বাড়িতে নিয়মিত জুয়ার আসরসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫জন জুয়ারিকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, বিএনপি নেতা আব্দুল হালিম বেপারীকে এক নম্বর আসামি করে এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।