August 18, 2026, 2:29 pm

এআই ক্যামেরায় পরিবহন আইন লঙ্ঘনের জরিমানা কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, August 18, 2026
  • 13 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরার মাধ্যমে পরিবহন আইন লঙ্ঘনের জরিমানা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মেঘনা টোল প্লাজার পাশে হাইওয়ে কন্ট্রোল রুমে এআই ক্যামেরা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এআই পদ্ধতি চালুর ফলে সড়কে চলাচলকারী পরিবহনের বিভিন্ন বিষয় ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনের নথিপত্র, মালিকের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে।
তিনি বলেন, এ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য পরিবহন মালিক, পুলিশ ও সংশ্লিষ্ট ফেডারেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলেই সরকারের পরিকল্পনা স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শিমুল বিশ্বাস এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক মিয়া, নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহকারী কমিশনার ফাইরুজ তাসনিমসহ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে মেঘনা টোল প্লাজা এলাকায় এআই প্রযুক্তির মাধ্যমে পরিবহন আইন লঙ্ঘনের জরিমানা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর