স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ৫ বছরের শিশু মুসা হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজত থেকে আদালতে হাজির করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু মুসা। নিখোঁজের পরদিন প্রতিবেশী শাহজাহানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে শিশুটির গলায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
গাজীপুর আইনজীবী সমিতির এজিএস মাহবুবুল আলম মোল্লা জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় মুসার বাবা মো. শামীম মীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি মহির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।