August 12, 2026, 10:22 pm

ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, August 12, 2026
  • 23 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পৌর শহরের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজসংলগ্ন গো-হাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে। এলাকায় তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে দিয়ে পৌর বাজারের দিকে যাচ্ছিল। বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা একটি ধানবোঝাই ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোস্তফা কামালের ওপর উঠে যায়। এতে তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর