August 11, 2026, 7:39 pm

শ্রীপুরে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি নির্মূলে র‌্যাবের মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Tuesday, August 11, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাং, ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভেজালদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ ভুইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় র‌্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ, আর্টিলারি, গাজীপুর শ্রীপুর শাখার দুদক সভাপতি মোঃ সেলিম মোল্লাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শ্রীপুর থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, মাদকের ব্যবহার বন্ধ, চাঁদাবাজি নিরসন, কিশোর গ্যাং নির্মূল এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসময় বক্তারা বলেন, শ্রীপুর একটি বৃহৎ ও জনবহুল এলাকা। এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পেশাজীবী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, মাদক কারবারি, ছিনতাইকারী, চোরাকারবারি, অপহরণকারী ও প্রতারকসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও র‌্যাবের কার্যক্রম আরও জোরদার করা হবে। সভায় শ্রীপুর থানা এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প, গাজীপুর এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর