স্টাফ রিপোর্টার, গাজীপুর :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ ও জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি হবে। আমরা এই অর্থবছরে ১০ টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব। ইতোমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী মাঠে গিয়ে খেলোয়াড় ও দর্শকদের উৎসাহের সঙ্গে কার্যক্রম শুরু করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)-এর ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলে, খেলাধুলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র এবং রাজনৈতিক গুণগত মান পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড ব্যক্তি উদ্যোগে শুরু হয়েছে। আমরা এটাকে সরকারিভাবে স্বীকৃতি দিলে উৎসাহ পাবে৷ আমরা খেলাধুলার উন্নয়নের জন্য টেপবল মাঠও করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।