স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’-এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর পিটিআই অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ হোসেন আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ফারদিন হাসান হাসিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মুহাম্মদ তসলিম এবং গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দীন।
এছাড়া সমাবেশে জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, গাজীপুর জেলা সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম, মহানগর উপদেষ্টা সদস্য আবু সিনা মামুন এবং সাবেক মহানগর সভাপতি আজহারুল ইসলাম মোল্লা বক্তব্য দেন। সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মর্যাদা এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের কল্যাণে ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।