রাজশাহী প্রতিনিধি:: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে মহানগরীর ৩০টি ওয়ার্ডে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ‘প্রকল্প শিকড়’ নামের এই কার্যক্রমটি সারাদেশে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, নগরজুড়ে আড়াই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। আগামী দুই বছরের মধ্যে রাজশাহী মহানগরী আরও সবুজ হয়ে উঠবে। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ ও পরিবেশ রক্ষায় খাল খননসহ নানামুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মাদকমুক্ত দেশ গঠনে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার জোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান ও সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাসিকের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।