নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে নিজ ফ্ল্যাটের আটতলা থেকে নিচে পড়ে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) একাউন্টস কর্মকর্তা নজরুল ইসলাম (৫৫) মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধেশ্বরী রোডের ৬৩/বি নম্বরের ‘র্যাংস গার্ডেন প্যালেস’ নামের ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী রওশন আরা বেগমকে নিয়ে বসবাস করতেন। তাঁদের একমাত্র ছেলে বিদেশে অবস্থান করছেন।
রমনা থানা পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলামের বিরুদ্ধে গাজীপুরের একটি আদালতে কমপ্লেইন্ট রেজিস্টার (সিআর) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। সেই পরোয়ানা তামিল করতে বুধবার গভীর রাতে রমনা থানা-পুলিশের একটি দল তাঁর বাসায় অভিযানে যায়। পুলিশ ফ্ল্যাটে গিয়ে স্ত্রী রওশন আরার দেখা পেলেও নজরুল ইসলামকে ঘরে পাননি।
ঘটনার বর্ণনা দিয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে নজরুল ইসলাম ফ্ল্যাটের পেছনের বারান্দা দিয়ে বের হন। ধারণা করা হচ্ছে, তিনি বেলকনির কার্নিশে লুকানোর চেষ্টা করছিলেন অথবা পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে আটতলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরবর্তীতে সেখান থেকে তাঁকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক বিষয়সমূহ খতিয়ে দেখতে রমনা থানা-পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে।