নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, শিল্প পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও দিবসের তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।