মো: আক্তার হোসেন ডালী:: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় প্রস্তাবিত বর্জ্য ডাম্পিং ইয়ার্ড (ময়লার ভাগাড়) নির্মাণের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পরিবেশ সচেতন নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, গাজীপুর মহানগরীর টঙ্গী একটি গুরুত্বপূর্ণ শিল্প, বাণিজ্য ও জনবসতিপূর্ণ এলাকা। প্রস্তাবিত ডাম্পিং ইয়ার্ডের আশপাশেই রয়েছে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, বিশ্ব ইজতেমার মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, টঙ্গী বাজার এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করা হলে দুর্গন্ধ, বায়ুদূষণ, মশা-মাছির উপদ্রব, বর্জ্য থেকে নির্গত দূষিত তরল (লিচেট) এবং রোগজীবাণুর বিস্তারে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও অসংখ্য যাত্রী এ পথ ব্যবহার করেন।
এছাড়া বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লি এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ভাগাড় নির্মাণ করা হলে শুধু জনদুর্ভোগই বাড়বে না, টঙ্গীর সৌন্দর্য, পরিবেশ ও ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা পরিবেশগত প্রভাব মূল্যায়নের ভিত্তিতে জনবসতি থেকে দূরে আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প স্থান নির্ধারণের দাবি জানান।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান।