নিজস্ব প্রতিবেদক:: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া হবে। আজ বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি আনন্দ ও বিজয়েরও দিন। তাঁর ভাষ্য, দীর্ঘ ১৮ বছর ধরে রক্তক্ষয়ী আন্দোলনের পর এদিন ফ্যাসিবাদের পতন ঘটে। তিনি আন্দোলনে অংশ নেওয়া বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে দেশে পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের সরকার কখনো ভুলে যায়নি। তিনি অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়েই তা প্রতিহত করা হবে।