July 31, 2026, 10:15 pm

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার সিগারেট, সোনা ও মদ জব্দ

Reporter Name
  • আপডেট Friday, July 31, 2026
  • 38 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে দুই কোটি টাকার বেশি দামের বিদেশি সিগারেট ও মদ, স্বর্ণালংকার এবং নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুবাই ও কলকাতা থেকে আসা বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। শুল্ক ও করসহ এসবের মোট আনুমানিক মূল্য দুই কোটি চার লাখ সাত হাজার টাকা।
এনবিআর জানায়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-১৪৮) থেকে নামা যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণের সময় এক নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সময়ে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। জব্দ হওয়া সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক ও কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) হিসাব করলে এসব সিগারেটের মোট মূল্য দাঁড়ায় প্রায় এক কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
এদিকে একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
পাসপোর্ট যাচাই করে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, ওই যাত্রী চলতি বছরের ১০ জুন শুল্ক ও কর ছাড়ে ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন। ব্যাগেজ বিধিমালা-২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক ও করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে আরও ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা। এনবিআর জানায়, জব্দ পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা ও অন্যান্য প্রযোজ্য আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর