ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নে জন্মনিবন্ধন নিয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করলেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন শুভেচ্ছা উপহার। ব্যতিক্রমী এ উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
জানা গেছে, জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করালে বিনামূল্যে জন্মনিবন্ধন সনদের পাশাপাশি উপহার হিসেবে দেওয়া হচ্ছে তোয়ালে, গাছের চারা, সুজি, চিনি, মশারি, ছাতা, মগ, বাটি, চামচ এবং শিশুর বিভিন্ন খেলনা।
অভিভাবকদের জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছেন মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক মানজুর আহমেদ এবং ইউপি সচিব মেহেদী হাসান। চলতি বছরের ২৯ জুলাই থেকে কার্যক্রমটি শুরু হয়েছে, যা মাসব্যাপী চলবে।
উপজেলা প্রশাসন জানায়, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে কোনো ধরনের ফি দিতে হয় না। তবে অনেক অভিভাবক বিষয়টি জানেন না বা বিভিন্ন কারণে সময়মতো জন্মনিবন্ধন করাতে পারেন না। এ কারণে জন্মনিবন্ধন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো নিবন্ধন নিশ্চিত করতে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুল্লা ইউনিয়ন পরিষদের সচিব মেহেদী হাসান বলেন, অভিভাবকদের উৎসাহিত করতে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগে জন্মনিবন্ধনে দারুণ সাড়া মিলেছে। গত এক সপ্তাহে ইতোমধ্যে রেকর্ডসংখ্যক জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে।
দুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক মানজুর আহমেদ বলেন, শিশুদের নাগরিক অধিকার নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সময়মতো জন্মনিবন্ধন বিষয়ে অভিভাবকদের সচেতনতা বাড়ছে। পাশাপাশি শিশুরা সরকারি নিবন্ধনের মাধ্যমে তাদের প্রাপ্য নাগরিক অধিকার নিশ্চিত করার সুযোগ পাচ্ছে।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বলেন, শিশুর নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জন্মনিবন্ধন। অভিভাবকদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুল্লা ইউনিয়ন পরিষদ ইতোমধ্যে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।