July 26, 2026, 7:08 pm

ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণ সবসময় থাকবে: সারজিস আলম

Reporter Name
  • আপডেট Sunday, July 26, 2026
  • 4 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি:: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, প্রশাসনের কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। অতীতে প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু জনগণ সবসময় থাকবে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সারজিস আলম বলেন, দেশের পরিবর্তন শুধু রাজনৈতিক দল বা প্রশাসন বদলের মাধ্যমে সম্ভব নয়; মানুষের চিন্তা ও সিদ্ধান্তের পরিবর্তনও জরুরি। দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে ন্যায়-অন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনের লড়াই কোনো রাজনৈতিক দলের মধ্যে নয়, বরং ন্যায় ও অন্যায়, দুর্নীতি ও সুশাসনের মধ্যে। জনগণের পক্ষে যে দল থাকবে, মানুষকে সেই দলকেই সমর্থন করা উচিত।
তিনি অভিযোগ করেন, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে। আওয়ামী লীগের সময় যেমন মেগা প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, বর্তমানেও কেউ একই পথে হাঁটলে তাদের পরিণতিও ভালো হবে না বলে মন্তব্য করেন। তরুণ প্রজন্ম অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আবারও রাজপথে নামতে পারে বলেও সতর্ক করেন।
মিডিয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রচারিত সব তথ্য অন্ধভাবে বিশ্বাস না করে যাচাই-বাছাই করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও সত্য তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সমালোচনা করে বলেন, গণভোটকে অসাংবিধানিক বলা হলে একই প্রক্রিয়ায় হওয়া নির্বাচন ও সরকার নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি সরকারি দপ্তরে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং জনপ্রতিনিধিদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানান।
সমাবেশে সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি মনোনীত প্রার্থী মো. সাইফুল্লাহর পক্ষে ভোট চান। তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রা শেষে মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুব শক্তির ময়মনসিংহের আহ্বায়ক ফয়সাল ফারনিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর সদস্য সচিব ইকরাম এলাহী খান, ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমানসহ স্থানীয় নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর