স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্র (চাপাতি) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার ইটাহাটা কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জিএমপির পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারের নির্দেশনায় বাসন থানার এসআই কাজী সামসুজ্জামানের নেতৃত্বে এসআই ইদ্রিস আলী, এএসআই সজীব লোহার কৃষ্ণাসহ একটি বিশেষ টিম ইটাহাটা কলাবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় রাসেলের বাড়ির সামনের ইটের সড়কে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান (২৮) ও আব্দুল ছাত্তার (৩৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক, হত্যা ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। অপর আসামি আব্দুল ছাত্তার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ইটাহাটা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এবং তাদের সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।