স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ ও অপসারণের কাজকে কেন্দ্র করে টঙ্গী পূর্ব থানা বিএনপির ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, সিনিয়র যুগ সাধারণ সম্পাদক রেজাউল করিম ফাত্তাসহ ১১ জনের বিরুদ্ধে কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও অপপ্রচারের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানায় অভিযোগটি করেন গাজীপুর সিটি করপোরেশনের অনুমোদিত ঠিকাদারি প্রতিষ্ঠান তাফসির এন্টারপ্রাইজের মালিক ও স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মামুন।
অভিযোগে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বৈধভাবে ৫০ নং ওয়ার্ডের বর্জ্য সংগ্রহ ও অপসারণের কার্যাদেশ পাওয়ার পর থেকেই একটি পক্ষ বিভিন্নভাবে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
সর্বশেষ গত ১১ জুলাই বর্জ্য সংগ্রহের কাজে গেলে অভিযুক্তরা কর্মচারীদের কাজে বাধা দেয়, ভয়ভীতি প্রদর্শন করে এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। অভিযোগকারী দাবি করেন, ঘটনার ভিডিও ফুটেজসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তার কাছে রয়েছে।
কাজী মামুন বলেন, বৈধ টেন্ডার না পেয়েও একটি পক্ষ বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দখলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে মানববন্ধন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
মানববন্ধনের কিছু ক্ষণ পরে এক প্রতিক্রিয়ায় বিকেলে সাংবাদিকদের কাজী মামুন বলেন, আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে একটি মহল বৈধ টেন্ডার দখলের চেষ্টা করছে। অথচ সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে আমাকে ৫০ নং ওয়ার্ডের বর্জ্য সংগ্রহের টেন্ডার দেওয়া হয়েছে। আমি চাই সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কাজ পরিচালনা করতে।