July 14, 2026, 9:41 pm

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় এশিয়া সেরা সামিনা গাজীপুর জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

Reporter Name
  • আপডেট Tuesday, July 14, 2026
  • 4 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণির খুদে শিক্ষার্থী সামিনা নূর তাজ মাত্র আট বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছে। হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াড-২০২৬-এর এশিয়া আঞ্চলিক পর্বে প্রথম স্থান অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছে এই শিক্ষার্থী। এখন তার একটাই ইচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করা।
সামিনার এই অসাধারণ সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় সামিনা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে জেলা প্রশাসক তার এই ইচ্ছা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সামিনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সামিনা নূর তাজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মেস্তা গ্রামে। বাবা মো. সানোয়ার হোসেন মামুন। বর্তমানে পরিবার নিয়ে কালিয়াকৈরে বসবাস করছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ জুন নার্সারিতে ভর্তি হওয়ার মাধ্যমে সামিনার শিক্ষাজীবন শুরু হয়। শুরু থেকেই ইংরেজি ভাষার প্রতি তার অসাধারণ আগ্রহ, আত্মবিশ্বাস ও মেধার পরিচয় পাওয়া যায়। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও আঞ্চলিক প্রতিযোগিতায় সফল হওয়ার ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক পর্যায়েও সে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে তার যাত্রা শুরু হয় গত ২৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বাছাইপর্বের মাধ্যমে। এরপর ২৩ মে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত জাতীয় পর্বে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে। সর্বশেষ গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে এশিয়া সেরার স্বীকৃতি লাভ করে। এই সাফল্য উদযাপন উপলক্ষে সম্প্রতি বিদ্যালয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামিনা জানায়, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতা, বাবা-মায়ের উৎসাহ এবং বিশেষ করে মায়ের সার্বক্ষণিক অনুপ্রেরণাই তাকে এই সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আরও বড় অর্জন করতে চায়।
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা বলেন, সামিনা শুধু এই প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা এবং লেখাপড়ার সম্পূর্ণ ব্যয় বহন করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য হিপ্পো আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডের বিশ্বপর্বে (ইউনিভার্সাল রাউন্ড) অংশ নেবে সামিনা নূর তাজ। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য আরও একটি আন্তর্জাতিক সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর