July 12, 2026, 7:29 pm

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দিচ্ছেন গাজীপুরের জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা

Reporter Name
  • আপডেট Sunday, July 12, 2026
  • 24 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। বন্যাকবলিত এলাকার মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন নিজের এক মাসের সমপরিমাণ মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দেন। তার এ ঘোষণার পর সভায় উপস্থিত অন্যরা এ উদ্যোগের প্রতি সম্মতি জানান।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যরা তাদের এক মাসের সম্পূর্ণ বেতন বন্যা তহবিলে দেবেন। পাশাপাশি জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেবেন। আগামী তিন কর্মদিবসের মধ্যে এ অর্থ সংগ্রহ করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঠানো হবে।
সংসদ সদস্যের এ উদ্যোগের প্রতি তাৎক্ষণিক সমর্থন জানান জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। সভায় উপস্থিত জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও তাদের নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগে অংশগ্রহণের বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে সম্মতি প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় গাজীপুরের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ যৌথ উদ্যোগ দেশের অন্যান্য জেলার জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর