মো: জাফর আলী :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপি পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। ছিনতাই, মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আজ শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় টঙ্গী পূর্ব থানার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এবং পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ গত সাত মাসে (জানুয়ারি-জুন ২০২৬) টঙ্গী পূর্ব থানার দক্ষিণ বিভাগের বিভিন্ন অপরাধ দমন কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা এলাকায় মোট ৮৪২টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে হত্যা, ডাকাতি, ছিনতাই, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন অপরাধ রয়েছে।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪৪২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি দেশীয় অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। ডিসি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। প্রেস ব্রিফিংয়ে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিলানী মার্কেট এলাকায় সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি স্টিলের ছোরা উদ্ধারের তথ্যও সাংবাদিকদের জানানো হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিসি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এবং অপরাধ দমনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।