স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর পিটিআই অডিটরিয়ামে এই আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. আরেফিন বাদল।
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. ইসমাইল হোসেন। এ সময় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, গাজীপুর সিভিলে সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সায়েম মোর্শেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্বে পরিবেশ দূষণ ও উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে নুতন নুতন জীবাণু পরিবেশে মুক্ত হয়ে পড়ছে, যার ফলে করোনার মতো বিভিন্ন রোগের আবির্ভাব ঘটছে। যা অনেক গবেষক ও চিকিৎসকদেরও অজানা। এর আগে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।