স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে পাঁচটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
সূত্রে জানা যায়, জেলা পল্লী অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি সড়কের ৪ দশমিক ৪২ কিলোমিটার উন্নয়ন কাজ করা হবে। প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার টাকা। উন্নয়ন কাজের আওতায় রয়েছে মার্তা বাজার-মার্তা খাল, প্রহলাদপুর-পোতাবাড়ী, প্রহলাদপুর হাইস্কুল-ভিটিপাড়া, দিঘীরচালা-চিনাশুকানিয়া ও ভিটিপাড়া-জয়নারায়নপুর সড়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।