সাভার প্রতিনিধি :: সাভারের বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তক্ষক ব্যবসায়ী, মাদক কারবারি ও ছিনতাইকারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি জীবিত তক্ষক ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম।
ডিবি জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে সাভারের আমিনবাজার এলাকা থেকে পাঁচজন তক্ষক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি ধূসর রঙের জীবিত তক্ষক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মঞ্জুরুল হোসেন (৩৮), হযরত আলী রিপন (৩৯), রায়হান আহম্মেদ রনি (৩৮), আ. রহিম (৪২) ও সাগর শেখ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, আশুলিয়ার গণকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—আসাদুজ্জামান আকাশ (২৬), মাসুদ রানা (৩৪) ও নাজমুল (৩৩)।
এ ছাড়া আশুলিয়ার শ্রীপুর এলাকায় পৃথক অভিযানে দুইজন কথিত পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন হুমায়ুন তালুকদার ওরফে আকাশ (৩৮) এবং সুজন রানা (৩৫)।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও মাদক উদ্ধারে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।