নিজস্ব প্রতিবেদক:: টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে শামীম মিয়া (১১) ও আফনান (১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে| আজ রোববার দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় তুরাগ নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে| খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মরদেহ দুটি উদ্ধার করে|
নিহত শামীম মিয়া টঙ্গীর পূর্ব আরিচপুর বউবাজার এলাকার আনিসুর রহমানের ছেলে এবং একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান| তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ছাত্র|
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে খেলাধুলা শেষে নদীতে গোসল করতে নামে তিন বন্ধু—শামীম, আফনান ও শাকিব| গোসলের এক পর্যায় দুই বন্ধু গভীর পানিতে তলিয়ে গেলে অপর বন্ধু শাকিব দ্রুত নদী থেকে উঠে স্থানীয়দের খবর দেয়| পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে| তাদের মৃত্যুতে সহপাঠীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে|
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে| টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া দুই কিশোরের লাশ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|