নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: গাজীপুরের শ্রমিকলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আহমেদ বাবুলকে (৪৩) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ শুক্রবার ভোররাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক। গ্রেফতারকৃত বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।
র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক শুক্রবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেফতার আকাশ আহমেদ বাবুলসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নাম্বার আসামি করা হয় বাবুলকে। ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করে র্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোররাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামি আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা।