June 19, 2026, 9:10 pm

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

Reporter Name
  • আপডেট Friday, June 19, 2026
  • 5 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান কবি আল মুজাহিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কবির মৃত্যুর বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন আল মুজাহিদী। প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। একসময় তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় অংশগ্রহণ করেন এই কবি।
বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তিনি রেখে গেছেন অসংখ্য কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ, গবেষণা ও অনুবাদগ্রন্থ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, ঈডের হ্যামলেট, প্রাচ্য পৃথিবী, সৌর জোনাকি, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা এবং আল মুজাহিদীর প্রেমের কবিতা।
উপন্যাসে তিনি লিখেছেন প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, লাল বাতির হরিণ, রুপোলি রোদ্দুর, আলোর পাখিটা, খোকার আকাশ ও খোকার যুদ্ধসহ আরও বহু জনপ্রিয় রচনা। গল্প, শিশুসাহিত্য, প্রবন্ধ ও অনুবাদ সাহিত্যেও ছিল তার সমান বিচরণ।
সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীম উদ্‌দীন একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার, বাসাসপ কাব্যরত্ন পদকসহ একাধিক সম্মাননা। পরবর্তীতে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর একটি একুশে পদকেও ভূষিত হন তিনি। কবি আল মুজাহিদীর মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সৃষ্টিকর্ম ও সাহিত্যকীর্তি বাংলা ভাষা ও সাহিত্যে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর