নিজস্ব প্রতিবেদক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে কাজ করবে। আজ শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা অনুযায়ী পথ চলার মাধ্যমে বাংলাদেশকে আবারও বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে চায় বিএনপি।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে তিনি একটি ভঙ্গুর রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিলেন। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিখাতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছিলেন। তার আদর্শকে হৃদয়ে ধারণ করার মধ্য দিয়েই তাকে যথাযথভাবে স্মরণ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান দেশের জন্য যে বাজেট দিয়েছিলেন, তা শুধু ঢাকা শহরের উঁচুতলার (ধনী) মানুষের জন্য ছিল না; তিনি বাজেট দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য। আলোচনা সভায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।