পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:: দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খরনা ইউনিয়নের জলুয়ার দীঘিপাড় এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। আজ পটিয়ার মানুষের বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আশা করছি, নির্ধারিত নকশা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে।’
তিনি স্থানীয় জনগণের উদ্দেশে বলেন, ‘সরকারের অর্থায়নে স্টেডিয়াম নির্মিত হলেও এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয়দেরই নিতে হবে। মাঠ বাঁচলে খেলাধুলা বাঁচবে, আর খেলাধুলা বাঁচলে যুবসমাজ মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে থাকবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাঠ সংরক্ষণ ও সংস্কারের জন্য মন্ত্রণালয়ের বিশেষ কমিটি কাজ করছে। সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মকে সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমাদের সন্তানরা যদি মাঠে থাকে, তাহলে তারা মোবাইল ও বিভিন্ন ডিভাইসের অতিনির্ভরতা থেকে দূরে থাকবে। মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্হার আয়োজনে বর্তমান সরকারের প্রথম সরকারি প্রতিমন্ত্রী সফরে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, প্রকৌশলী সুকুমার সাহা, খোরশেদ আলম, মোশাররফ হোসেন দীপ্তি, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম সওদাগর, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, আবুল বশর সিআইপি ও নাজমুল হক রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের খরনা ইউনিয়নের জলুয়ার দীঘিপাড় এলাকায় প্রায় ৪ একর জায়গাজুড়ে নির্মিতব্য এই মিনি স্টেডিয়াম দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আধুনিক ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে উঠবে। জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে নির্মিত স্টেডিয়ামে থাকছে- আন্তর্জাতিক মানের খেলার মাঠ, আধুনিক গ্যালারি, প্যাভিলিয়ন ভবন, খেলোয়াড়দের ড্রেসিং রুম, রেফারিদের চেঞ্জিং রুম, আধুনিক ওয়াশরুম, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যালয়। ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।