মুন্সীগঞ্জ প্রতিনিধি:: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির ভূমিকা অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী ও অন্তঃসত্ত্বা নারীদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানের শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুস সালাম, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মৎস্য কর্মকর্তা নিগার সুলতান, প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. হান্নানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।