স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করেছে পুলিশ| সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হাজী মাজার বস্তিতে অভিযান চালায় পুলিশ| এ সময়ে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে ৩০ জনকে আটক করা হয়েছে| আটককৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. বেলায়েত হোসাইন বলেন, টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মজার বস্তি মাদক ও অপরাধের অভয়ারণ্য| চলতি সপ্তাহে দুই দফায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে| লাইলী বেগম নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় ৩০ জনকে আটক করা হয়েছে| তাদের কাছ থেকে মাদক এবং মাদক গ্রহণ সামগ্রী জব্দ করা হয়েছে|
তিনি বলেন, পুলিশ আসার খবর পেলে অপরাধীরা বিভিন্ন জায়গা দিয়ে পালিয়ে যায়| শুনেছি, সেখানে সুরঙ্গ ও একাধিক পথ রয়েছে| আমরা এই ধরনের অভিযান চালিয়ে যাব| মাদকের প্রশ্রয় দেওয়া বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না| মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান রয়েছে|