স্টাফ রিপোর্টার, গাজীপুর:: দেশে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। কিছু সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত সমাধান হবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি, শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদকে সামনে রেখে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী এইসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং চলমান সাময়িক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। ঈদকে সামনে রেখে শ্রমিকদের সকল পাওনা সময়মতো পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা যাবে না এবং মালিকপক্ষকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিভিন্ন সংসদ সদস্য, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিল্প মালিক, শ্রমিক প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।