April 22, 2026, 8:25 pm

বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 22 জন দেখেছে

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নেওয়া এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক দিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাকে ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক অনুদান দেন। তহমিনা আক্তার জিয়ানগর উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের ১ নম্বর চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।
জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে, তা দেখে আমরা মুগ্ধ। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তহমিনাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত। সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে ইউএনও বলেন, আপনারা যদি সঠিক সময়ে তথ্যটি প্রকাশ না করতেন, তাহলে হয়তো মেয়েটির শিক্ষাজীবন শেষ হয়ে যেত।
গত ১৮ এপ্রিল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে জিয়ানগর থানায় আশ্রয় নেয় এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তার বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং বাল্যবিবাহ দেবে না-শর্তে মুচলেখা নিয়ে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর