স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী বিশেষ নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই অনুষ্ঠানের আয়োজন করে| বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং দায়িত্বরত কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান|
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য| তিনি উপস্থিত কর্মীদের সততা, আন্তরিকতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে|
আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান প্রমুখ|
দিনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত কারিগরি অধিবেশনে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়| প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা|
এই সেশনে অফিস ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং মানবিক আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়| গাকৃবির নিরাপত্তায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন| সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|