April 20, 2026, 11:58 pm

ঈশ্বরগঞ্জে পাম্পে বিশৃঙ্খলা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Wednesday, April 8, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম না মেনে তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। দণ্ডপ্রাপ্ত মোবারকের বাড়ি উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা সবাইকে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকেও ৫০০ টাকার তেল দেওয়ার পরেও তিনি লাইন থেকে মোটরসাইকেল সরাচ্ছিলেন না। তিনি আরও ৫০০ টাকার তেল দাবি করেন। নিয়মের বাইরে তেল দিতে অপারগতা প্রকাশ করলে পাম্প কর্তৃপক্ষের সাথে মোবারক হোসেনের কথা-কাটাকাটি বাঁধে। বিষয়টি তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানকে অবগত করে পাম্প কর্তৃপক্ষ। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট পাম্পে গিয়ে ওই যুবককে বোঝানোর চেষ্টা করলে তিনি ইউএনওর সাথেও বাকবিতণ্ডা ও অশোভন আচরণ শুরু করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগেও গত ৬ এপ্রিল ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশনে তেল নিতে এসেও মোবারক নিয়মের বাইরে তেল নিতে গিয়ে পাম্প কর্তৃপক্ষ ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, সরকারি বিধি মোতাবেক ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন বিশ্বাস বলেন, দণ্ডবিধি ১৮৬০’-এর ১৮৮ ধারা মোতাবেক সরকারি কর্মচারীর যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। আইন অমান্য করে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর