স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ| অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে| রবিবার রাতব্যাপী এই অভিযান চালানো হয়| এ সময় গাজীপুর সদর থানা, বাসন থানা, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা থেকে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়| সদর থানা এলাকা থেকে ৮ জন, বাসন থানা এলাকা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা এলাকা থেকে ১০ জন ও কাশিমপুর থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়|
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ রোকন (২০), নিমন শেখ (২০) ও লোকমান হাকিমকে (২৫) গ্রেপ্তার করে| এছাড়া সাজাপ্রাপ্ত দুই আসামি রেজাউল করিম ও আল মাহমুদ পাভেলসহ মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে|
বাসন থানায় মাদকসহ ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়| এছাড়া ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আরও ২ জনকে আটক করেছে পুলিশ| কোনাবাড়ী থানায় মাদক ও নিয়মিত মামলায় ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে| কাশিমপুর থানায় মাদক, চুরি ও নিয়মিত মামলায় ৫ জনকে আটক করা হয়|
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সামনে কুরবানীর ঈদকে সামনে রেখে মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে| গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে|