June 2, 2026, 6:23 am

শিগ্‌গিরই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কোনো ব্যক্তি কাউকে অতিরিক্ত টাকা দেবেন না। আপনারা নিজেরা ফরম পূরণ করে টাকা জমা দেবেন। আজ শনিবার (২৮ মার্চ) পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি। টুরিস্ট ভিসা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রী মনোজ কুমার বলেন, শিগ্‌গির টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন- পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশসহ বিভিন্ন নেতারা, সাংবাদিক, আশ্রম কর্মী এবং ভক্তরা উপস্থিত ছিলেন। পরে তিনি সৎসঙ্গ নেতৃবৃন্দের সঙ্গে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর ভারতের সহকারী হাইকমিশনার পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রীশ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর