এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় একজন রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে মার্কেট ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের করে রিকশাচালকরা। উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের স্কয়ার শপিংমলে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোনারগাঁও জনপথ রোডের একটি মার্কেটের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তর্ক-বিতর্কের জেরে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এ ঘটনা ঘটায়। তবে কোনা রিকশাচালককে হত্যার বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। রিকশাচালকের মৃত্যু গুজবটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শত শত রিকশাচালক জড়ো হয়ে ওই মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এ সময় মার্কেটের সামনের জনপথ রোডে আগুন লাগিয়ে তারা বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ রিকশাচালকরা বলেন, স্কয়ার শপিং মলের নিরাপত্তা কর্মীরা মার্কেটের ভেতরে এক রিকশাচালককে আটকে রেখেছে। তারা ওই রিকশাচালককে পিটিয়ে মেরে ফেলেছে। যদিও কেউ ওই রিকশাচালকের পরিচয় জানাতে পারেনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও এই ঘটনার খবর পেয়ে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, এক রিকশাচালককে হত্যার অভিযোগ করে উত্তেজিত রিকশাচালকেরা মার্কেট ভাঙচুর করেছে। রিকশা চালক হত্যার খবরটি গুজবও হতে পারে। আমরা এখন পর্যন্ত এমন কিছু পাইনি।