নিজস্ব প্রতিবেদক :: সাভারের আশুলিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তারকরেছে পুলিশ। আজ রোববার (১৫ মার্চ) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী নারীর অভিযোগ, বিপি ইমরান দীর্ঘদিন ধরে তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। সম্প্রতি ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে গত ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন।
অভিযোগ রয়েছে, ধর্ষণের পর মামলার অন্য দুই আসামি জুনায়েত ও সোমাইয়ার সহযোগিতায় ভুক্তভোগীকে মারধরও করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মো. ইমরান ওরফে বিপি ইমরান আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে। তিনি এলাকায় ভাড়া থেকে নিয়মিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ও টিকটক ভিডিও তৈরি করতেন। মামলায় ইমরান ছাড়াও জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুই কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”